রেকর্ড ভাঙ্গা গড়ার লড়াই করছে ‘পাঠান’
ছবির মুক্তির পর থেকেই দেশ জুড়ে আলোচনায় রয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন সফল। দেশের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও এই ছবি আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি।
বৃহস্পতিবার ছুটির দিন। সামনে রয়েছে সপ্তাহান্ত। আর ছুটির দিন মানে আরও বেশি ব্যবসার হাতছানি। সব মিলিয়ে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই ছবি একের পর এক নজির সৃষ্টি করার দাবিদার। প্রথম দিনেই একাধিক নজির সৃষ্টি করেছে পাঠান।
মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক ঠেকেছে ১২৫ কোটিতে। সারা দুনিয়া থেকে দুই দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আয় করেছে ২২৫ কোটি রুপি।মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।
হিন্দি ছবির নিরিখে এখনও পর্যন্ত ‘পাঠান’-ই সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে। প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫ হাজার ৫০০টি এবং ভারতের বাইরে ২ হাজার ৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।
হিন্দি ছবির বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণও ঝুলিতে পুরেছে এই ছবি। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ছবির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে প্রথম দিনেই সেঞ্চুরি (১০৬ কোটি) হাঁকিয়েছে ‘পাঠান’।
ছুটির দিন নয়, এমন দিনে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাতেও ব্যবসার অঙ্কে ‘পাঠান’ রয়েছে শীর্ষে।
যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর তৃতীয় ছবি হিসেবেও ‘পাঠান’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এর আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবি দুটোও প্রথম দিনে ব্যবসার নিরিখে নজির গড়েছিল।
এখনও পর্যন্ত শাহরুখ খান অভিনীত ছবিগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।শাহরুখের পাশাপাশি জন আব্রাহামের ক্যারিয়ারেও ‘পাঠান’-ই প্রথম দিনের ব্যবসার নিরিখে সব থেকে বড় ছবি।দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখনও পর্যন্ত অভিনেত্রীর ক্যারিয়ারে বক্স অফিসে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি ‘পাঠান’।
এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন-থ্রিলার ছবি উপহার দিয়েছেন। কিন্তু ‘পাঠান’-ই তার ক্যারিয়ারের এখনও পর্যন্ত ছবি মুক্তির প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি।
এই নিয়ে ‘যশরাজ’-এর তৃতীয় ছবি প্রথম দিনেই ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করল। আগের দুটি ছবি ছিল ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘ওয়ার’।
ভারত ও ভারতের বাইরে মিলিয়ে ২ দিনেই ২২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ভারত থেকে ১২৫ কোটি, ভারতের বাইরে থেকে ১০০ কোটি। ভারতের বাইরে মুক্তির পর এত বেশি আয় করতে পারেনি কোনো হিন্দি সিনেমাই।
‘পাঠান’ যে মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসা করবে, সেটা বোঝা গিয়েছিল ছবিটির অগ্রিম বুকিংয়ের প্রবণতা দেখেই। মুক্তির আগেই সিনেমাটির পাঁচ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়, যা একটি নতুন রেকর্ড।